নিজস্ব প্রতিবেদক
অক্টোবর / ০২ / ২০২৬
সিলেট থেকে ছেড়ে যাওয়া চট্টগ্রামগামী পাহাড়িকা এক্সপ্রেস (৭২০) ট্রেনটি মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার লাউয়াছড়া জাতীয় উদ্যান ও মাগুরছড়া এলাকায় চলন্ত অবস্থায় বগির হুক ছিঁড়ে বিচ্ছিন্ন হয়ে আটকে পড়েছিল।
শুক্রবার(২ অক্টোবর) দুপুর ১টা ১৫ মিনিট থেকে দেড়টার দিকে এই দুর্ঘটনা ঘটে।
ট্রেনটি লাউয়াছড়া বনাঞ্চল ও পাহাড়ি এলাকার চড়াই পার হওয়ার সময় দুটি বগির সংযোগস্থলের (জয়েন্ট) হুক হঠাৎ খুলে বা ছিঁড়ে যায়।
হুক ছিঁড়ে যাওয়ার বিষয়টি চালক তৎক্ষণাৎ বুঝতে না পেরে ইঞ্জিনসহ পেছনের ৯টি বগি নিয়ে শ্রীমঙ্গল স্টেশনের দিকে চলে যান। অন্যদিকে পেছনের বাকি ৭টি বগি মাগুরছড়া গ্যাসফিল্ড এলাকায় বনের ভেতর আটকা পড়ে থাকে।
এই ঘটনার ফলে সিলেটের সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ প্রায় ৪ ঘণ্টা বন্ধ থাকে। এ সময় ভানুগাছ স্টেশনে ঢাকাগামী জয়ন্তিকা এক্সপ্রেস আটকা পড়েছিল।
খবর পেয়ে রেলওয়ে কর্তৃপক্ষ বিকল্প ইঞ্জিন পাঠিয়ে বিচ্ছিন্ন হয়ে যাওয়া বগিগুলো উদ্ধার করে শ্রীমঙ্গল স্টেশনে নিয়ে যায়। প্রায় ৪ ঘণ্টা পর বিকেল সোয়া ৫টার দিকে পুনরায় ট্রেন চলাচল স্বাভাবিক হয়।