পুণ্যভূমি ডেক্স
মে / ০৮ / ২০২৬
মিরপুর টেস্টের প্রথম দিনেই নাটকীয় শুরু দেখল ক্রিকেটপ্রেমীরা। টস হেরে শুরুতে ব্যাটিং করতে নেমে দ্রুত ২ উইকেট হারিয়ে চাপে পড়েছিল বাংলাদেশ। তবে অধিনায়ক নাজমুল হোসেন শান্ত এবং অভিজ্ঞ মুমিনুল হকের দৃঢ়তায় সেই চাপ সামলে উঠেছে স্বাগতিকরা। লাঞ্চ বিরতি পর্যন্ত বাংলাদেশের সংগ্রহ ২ উইকেটে ১০১ রান।
ইনিংসে পঞ্চম ওভারে জীবন পেয়েছিলেন ওপেনার মাহমুদুল হাসান জয়। শাহিন আফ্রিদির বলে স্লিপে আব্দুল্লাহ শফিক ক্যাচ ছাড়লে বেঁচে যান তিনি। তবে সেই সুযোগ কাজে লাগাতে পারেননি জয়; এক ওভার পরেই ব্যক্তিগত ৮ রানে আফ্রিদির শিকার হয়ে সাজঘরে ফেরেন তিনি। দলীয় ১৮ রানে প্রথম উইকেট হারানোর পর বেশিক্ষণ টিকতে পারেননি আরেক ওপেনার সাদমান ইসলামও। হাসান আলীর করা প্রথম বলেই ১৩ রান করে সালমান আঘার হাতে ক্যাচ দিয়ে ফেরেন তিনি। ৩৬ রানে ২ উইকেট হারিয়ে তখন বিপাকে টাইগাররা।
শান্ত-মুমিনুলের দারুণ জুটি।
দল যখন খাদের কিনারায়, তখন হাল ধরেন শান্ত ও মুমিনুল। বিশেষ করে অধিনায়ক নাজমুল হোসেন শান্ত শুরু থেকেই ছিলেন আক্রমণাত্মক। পাকিস্তানি বোলারদের ওপর পাল্টা আক্রমণ চালিয়ে তিনি ইনিংসের গতি ধরে রাখেন। অন্য প্রান্তে মুমিনুল হক খেলছেন বেশ ধীরস্থিরভাবে। ইতিমধ্যে এই দুই বাঁ-হাতির অবিচ্ছিন্ন জুটি ৫০ রান ছাড়িয়েছে।
শান্ত: ৩৯* রান (৫০ বল) এবং মুমিনুল: ৩১* রান (৫৭ বল)
হোম অব ক্রিকেটের চিরাচরিত স্পিন নির্ভরতা কাটিয়ে বাংলাদেশ আজ মাঠে নেমেছে তিন বিশেষজ্ঞ পেসার নিয়ে। তাসকিন আহমেদ, নাহিদ রানা ও এবাদত হোসেনের উপস্থিতিতে একাদশে বৈচিত্র্য আনার চেষ্টা করেছে চন্ডিকা হাথুরুসিংহের শিষ্যরা। অন্যদিকে, চোটের কারণে বাবর আজম না থাকায় আজান আওয়াইস ও আব্দুল্লাহ ফজলকে নিয়ে নতুনভাবে সাজানো হয়েছে পাকিস্তানের ব্যাটিং লাইনআপ।