পুণ্যভূমি ডেক্স
মে / ০৭ / ২০২৬
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প পূর্বাভাস দিয়েছেন যে, ইরানের সঙ্গে চলমান যুদ্ধ ‘খুব দ্রুত’ শেষ হবে। তেহরানের পারমাণবিক ‘উচ্চাকাঙ্ক্ষা’ বন্ধ করার বিষয়ে তাঁর লক্ষ্যের কথা উল্লেখ করে তিনি বলেন, অধিকাংশ মানুষই তাঁর এ উদ্দেশ্য ‘বুঝতে পেরেছেন’।
ইরান যখন বলছে যে তারা যুদ্ধ বন্ধে যুক্তরাষ্ট্রের দেওয়া প্রস্তাবটি এখনো বিবেচনা করছে, ঠিক তখনই ট্রাম্পের এ মন্তব্য সামনে এল।
মার্কিন সংবাদমাধ্যম অ্যাক্সিওস-এর এক প্রতিবেদনে বলা হয়েছে, হোয়াইট হাউস মনে করছে, তারা ইরানের সঙ্গে একটি ১৪ দফার সমঝোতা স্মারকের খুব কাছাকাছি পৌঁছেছে। এ স্মারক ভবিষ্যতে ইরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে আরও বিস্তারিত আলোচনার একটি রূপরেখা বা ভিত্তি হিসেবে কাজ করতে পারে।
তবে ইরানের ভেতরে যুক্তরাষ্ট্রের এ প্রস্তাব নিয়ে ব্যাপক সমালোচনা হচ্ছে। দেশটির পার্লামেন্টের জাতীয় নিরাপত্তা কমিটির মুখপাত্র ইবরাহিম রেজায়ি মার্কিন প্রস্তাবকে নাকচ করে দিয়ে বলেছেন, এটি যুক্তরাষ্ট্রের একতরফা দাবিদাওয়ার তালিকা ছাড়া আর কিছুই নয়।
ইবরাহিম রেজায়ি আরও বলেন, রণক্ষেত্রে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল যা অর্জন করতে পারেনি, তা আলোচনার টেবিলে আদায়ের অপচেষ্টা করছে। ইরান কোনো ‘চাপের মুখে’ নতি স্বীকার করবে না। প্রয়োজনে পাল্টা আঘাতের জন্য দেশটির সেনারা প্রস্তুত আছেন।
অন্যদিকে গালফ নিউজের এক প্রতিবেদনে বলা হয়েছে, ফ্রান্সের প্রেসিডেন্ট এমানুয়েল মাখোঁর সঙ্গে ফোনালাপে ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান জানিয়েছেন, কূটনৈতিক পথে যুদ্ধ বন্ধে ইরান প্রস্তুত। তবে ইরানের জনগণের অধিকার রক্ষায় কোনো আপস করা হবে না বলে তিনি স্পষ্ট করে দিয়েছেন।
ফোনালাপে পেজেশকিয়ান যুক্তরাষ্ট্রের প্রতি গভীর অবিশ্বাসও প্রকাশ করেন। তাঁর অভিযোগ, দ্বিপক্ষীয় আলোচনা চলাকালেই ইরানে দুবার হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র। এটি ‘পেছন থেকে ছুরি মারা’র সামিল।
তথ্যসূত্র: বিবিসি