নিজস্ব প্রতিবেদক
অগাস্ট / ০৫ / ২০২৬
নর্থ ওয়েলসের ব্যাঙ্গর সিটি কাউন্সিলের সাবেক কাউন্সিলর, লিবারেল ডেমোক্র্যাট দলের সাবেক ভাইস চেয়ারম্যান এবং ২০১৫ সালের যুক্তরাজ্যের সাধারণ নির্বাচনে ব্রিটিশ পার্লামেন্টের এমপি প্রার্থী মোহাম্মদ সুলতান আজ বুধবার সকাল ১১টা ৫ মিনিটে নর্থ ওয়েলসের ব্যাঙ্গরে নিজ বাসভবনে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল প্রায় ৬৫ বছর। তিনি স্ত্রী ও ৫ মেয়ে ও ১ ছেলে নাতি নাতনি ও অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
মোহাম্মদ সুলতান সিলেটের দক্ষিণ সুরমা উপজেলার জালালপুর ইউনিয়নের মোকামদোয়ার গ্রামের মরহুম আব্দুর রহমানের দ্বিতীয় পুত্র। তিনি ছিলেন একজন সুপরিচিত কমিউনিটি ব্যক্তিত্ব, সমাজসেবী এবং সুলতান ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান।
তিনি গ্রেটার সিলেট ওয়েলফেয়ার কাউন্সিলের নর্থ রিজিয়নের উপদেষ্টা সদস্য এবং ব্যাঙ্গর বাংলাদেশ ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের সাবেক চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেন। এছাড়া ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন হাসপাতাল, সিলেটের ইউকে কমিটির ফাউন্ডার পার্মানেন্ট ডোনার সদস্য এবং সানরাইজ স্পেকট্রাম বাংলা রেডিও-টিভি ও চ্যারিটি সংস্থা পিস হোমের ফাউন্ডার প্যাট্রন হিসেবে দীর্ঘদিন গুরুত্বপূর্ণ অবদান রেখে গেছেন।
রাজনীতির পাশাপাশি ব্যবসায়িক জীবনেও তিনি ছিলেন সফল। তিনি লিবারেল ডেমোক্র্যাট দলের ব্যাঙ্গর শাখার সাবেক ভাইস চেয়ারম্যান ছিলেন। একই সঙ্গে সুলতান রহমান ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান হিসেবে সামাজিক উন্নয়নে কাজ করেছেন। নর্থ ওয়েলসের পোর্টমাডগের সুপরিচিত ‘প্যাসেজ টু ইন্ডিয়া’ এবং ব্যাঙ্গরের ঐতিহ্যবাহী ‘তান্দুরি নাইটস’ রেস্টুরেন্টের অংশীদার ছিলেন তিনি।
১৯৯০-এর দশকে চাচাতো ভাই মোহাম্মদ সুলেমানের সঙ্গে নর্থ ওয়েলসের ব্যাঙ্গর শহরের স্বনামধন্য ‘মহাভারত’ রেস্টুরেন্টের স্বত্বাধিকারী ছিলেন। এছাড়া পোর্টমাডগসহ নর্থ ওয়েলসের আরও কয়েকটি রেস্টুরেন্টের অংশীদার হিসেবে যুক্তরাজ্যের ক্যাটারিং শিল্পে উল্লেখযোগ্য অবদান রাখেন।
মোহাম্মদ সুলতানের মৃত্যুতে যুক্তরাজ্যসহ দেশ-বিদেশে বসবাসরত বাংলাদেশি কমিউনিটিতে গভীর শোকের ছায়া নেমে এসেছে।
এদিকে, লন্ডন বাংলা প্রেস ক্লাবের ফাউন্ডার সদস্য, সানরাইজ স্পেকট্রাম বাংলা রেডিওর প্রতিষ্ঠাতা, চ্যারিটি সংস্থা পিস হোমের প্রতিষ্ঠাতা এবং ফ্রেন্ডস অব ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন ইউকের ভাইস প্রেসিডেন্ট মিছবাহ জামাল পরিবারের পক্ষ থেকে মরহুম ভগ্নিপতি মোহাম্মদ সুলতানের রূহের মাগফিরাত কামনা করে দেশ-বিদেশে অবস্থানরত সবার কাছে দোয়া চেয়েছেন।
অন্যদিকে, ফ্রেন্ডস অব ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন ইউকের চেয়ারম্যান আহমেদ উস সামাদ চৌধুরী জেপি, সাধারণ সম্পাদক মনসুর আহমেদ খান এবং অনুপম নিউজের সম্পাদক ও প্রকাশক মুহিব উদ্দিন চৌধুরী পৃথক শোকবার্তায় মরহুমের রূহের মাগফিরাত কামনা করেন। তারা শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা ও আন্তরিক সহমর্মিতা প্রকাশ করেন।
এছাড়াও ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন সিলেটের কার্যকরি কমিটি এবং দৈনিক পুণ্যভূমি সম্পাদক আবু তালেব মুরাদ শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা ও সহমর্মিতা জানিয়েছেন।