পুণ্যভূমি ডেক্স
অগাস্ট / ০৫ / ২০২৬
শ্রীলঙ্কার পাহাড়ি এলাকায় ভারী বৃষ্টিপাতের ফলে সৃষ্ট ভয়াবহ ভূমিধস ও আকস্মিক বন্যায় অন্তত ৭ জন নিহত এবং বেশ কয়েকজন আহত হওয়ার পর সরকার সেখানকার সকল শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ ঘোষণা করেছে।
দেশটির দুর্যোগ ব্যবস্থাপনা কেন্দ্রের মুখপাত্র প্রদীপ কোডিপিলি জানান যে মধ্য শ্রীলঙ্কায় ভূমিধসে দুটি ঘরবাড়ি মাটির নিচে চাপা পড়ে ৫ জন এবং বন্যাজনিত দুর্ঘটনায় আরও ২ জন প্রাণ হারিয়েছেন। এই টানা বৃষ্টি ও বন্যায় অন্তত ১২৯টি বাড়িঘর ক্ষতিগ্রস্ত হয়েছে এবং প্রায় ৩ হাজার ৫০০ মানুষকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে।
আটকে পড়া মানুষদের উদ্ধার করতে দেশটির নৌবাহিনী ও সেনাবাহিনীর সদস্যদের পাঠানো হয়েছে। স্থানীয় টেলিভিশন চ্যানেল হিরু টিভিতে দেখা গেছে সেনা সদস্যরা জলমগ্ন সড়ক দিয়ে উদ্ধার অভিযান চালাচ্ছেন। নুয়ারা এলিয়া এবং বাদুল্লা জেলাসহ শ্রীলঙ্কার পাহাড়ি চা বাগান অঞ্চলগুলো বর্ষা মৌসুমে প্রাকৃতিক দুর্যোগের জন্য অত্যন্ত ঝুঁকিপূর্ণ।
গত বছরের নভেম্বরে আঘাত হানা ঘূর্ণিঝড় দিতওয়াহর ক্ষতি কাটিয়ে ওঠার আগেই দেশটি ফের নতুন এই দুর্যোগের মুখোমুখি হলো। পূর্বের সেই ঘূর্ণিঝড়ে প্রায় ৬৪০ জনের মৃত্যু হয়েছিল এবং আনুমানিক ৪ দশমিক ১ বিলিয়ন ডলারের ক্ষতি হয়েছিল। আবহাওয়ার পরিস্থিতি বিবেচনা করে ক্ষতিগ্রস্ত জেলাগুলোতে কবে নাগাদ বিদ্যালয়সমূহ পুনরায় চালু করা হবে সে বিষয়ে সিদ্ধান্ত জানানো হবে বলে কর্তৃপক্ষ জানিয়েছে।
সূত্র: আল জাজিরা