পুণ্যভূমি ডেক্স
মে / ১৬ / ২০২৬
সিলেটের গোয়াইনঘাট উপজেলার জনপ্রিয় পর্যটনকেন্দ্র বিছনাকান্দিতে গোসল করতে নেমে নিখোঁজ হওয়ার সাড়ে পাঁচ ঘণ্টা পর শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) শিক্ষার্থী শান্ত বণিকের মরদেহ উদ্ধার করা হয়েছে। শুক্রবার (১৫ মে) রাত ১০টার দিকে স্থানীয় লোকজনের সহায়তায় পুলিশ পিয়াইন নদী থেকে তার মরদেহ উদ্ধার করে।
নিহত শান্ত বণিক বিশ্ববিদ্যালয়ের ২০২৩-২৪ শিক্ষাবর্ষের পেট্রোলিয়াম অ্যান্ড মাইনিং ইঞ্জিনিয়ারিং (পিএমই) বিভাগের শিক্ষার্থী ছিলেন। তার বাড়ি ঠাকুরগাঁও জেলায়। এই মর্মান্তিক ঘটনায় বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস ও তার পরিবারে শোকের ছায়া নেমে এসেছে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, শুক্রবার বিকেলে শান্তসহ বিশ্ববিদ্যালয়ের ১০-১১ জনের একটি বন্ধু দল বিছনাকান্দিতে বেড়াতে যান। বিকেল সোয়া পাঁচটার দিকে তারা বিছনাকান্দির স্বচ্ছ পানিতে সাঁতার কাটতে নামেন। ওই সময় হঠাৎ বৃষ্টির কারণে উজান থেকে তীব্র পাহাড়ি ঢল নামে এবং মুহূর্তের মধ্যে পানির স্রোত প্রবল হয়ে ওঠে। সাঁতার কাটার একপর্যায়ে পানির সেই তীব্র স্রোতের তোড়ে শান্ত তলিয়ে গিয়ে নিখোঁজ হন। শান্তকে তলিয়ে যেতে দেখে তার বন্ধুরা চিৎকার শুরু করলে স্থানীয় মাঝিরা নৌকা নিয়ে তাৎক্ষণিকভাবে উদ্ধারের চেষ্টা চালান।
খবর পেয়ে টুরিস্ট পুলিশ ও গোয়াইনঘাট থানা-পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে স্থানীয়দের সঙ্গে উদ্ধার অভিযানে অংশ নেয়। দীর্ঘ ৫ ঘণ্টা যৌথ প্রচেষ্টার পর রাত ১০টার দিকে শান্তর নিথর দেহ উদ্ধার করা সম্ভব হয়। শাবিপ্রবির প্রক্টর অধ্যাপক মো. মোখলেছুর রহমান বিষয়টি নিশ্চিত করে বলেন, ঘটনাটি অত্যন্ত মর্মান্তিক এবং হৃদয়বিদারক। খবর পাওয়ার পর থেকেই বিশ্ববিদ্যালয় প্রশাসন স্থানীয় প্রশাসন ও পুলিশের সঙ্গে সার্বক্ষণিক যোগাযোগ রক্ষা করছিল। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।