পুণ্যভূমি ডেক্স
জুন / ১২ / ২০২৬
আর্জেন্টাইন মিডফিল্ডার নিকোলাস পাজ চোট থেকে সেরে উঠেছেন। আইসল্যান্ডের বিপক্ষে প্রস্তুতি ম্যাচে ৩-০ গোলের জয়ে দারুণ পারফরম্যান্স উপহার দিয়েছেন তিনি। তার ফিটনেস নিয়ে যে সন্দেহ ছিল, সেটা এখন আর নেই।
তবে মাঠে ফিরলেও বৃহস্পতিবার দলের অনুশীলন সেশনে ছিলেন না এই বাঁ পায়ের ফুটবলার। কোচিং স্টাফ জানিয়েছেন, বিশ্বকাপ অভিষেকের আগে তাকে বাড়তি চাপ থেকে বিশ্রাম দেওয়া হয়েছে। প্রায় এক মাস মাঠের বাইরে থাকার পর বাঁ হাঁটুর হ্যামস্ট্রিং এলাকায় নতুন কোনো সমস্যা যাতে না হয়, সেজন্যই এই সিদ্ধান্ত। আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশন জানিয়েছে, পাজ জিমে রিকভারি কাজ করেছেন এবং একজন ফিজিওর সঙ্গে মাঠে কিছুটা কাজ করেছেন।
কোচ লিওনেল স্কালোনি পরিকল্পনা করছেন শুক্রবার থেকে পাজ পুরোদমে দলের সঙ্গে অনুশীলনে যোগ দেবেন। এরপর আলজেরিয়ার বিপক্ষে বিশ্বকাপের প্রথম ম্যাচে তাকে দেখা যেতে পারে। ম্যাচটি হবে কানসাস সিটির অ্যারোহেড স্টেডিয়ামে, স্থানীয় সময় রাত ১০টায়। টুর্নামেন্টের পুরো সময় কানসাস সিটিতেই থাকছে আর্জেন্টিনা।
২১ বছর বয়সী পাজের এই চোট হয়েছিল সিরি-আ’তে হেলাস ভেরোনার বিপক্ষে ম্যাচে। সতীর্থ নিকোলাস ভ্যালেন্তিনির সঙ্গে সংঘর্ষে আহত হন তিনি। সেই থেকে কয়েকদিন আলাদা অনুশীলন করতে হয়েছে তাকে।
চোট নিয়ে বিভিন্ন গুজব ছড়িয়ে পড়েছিল। সেসব নিয়ে কথা বলেছেন পাজ নিজেই। আইসল্যান্ড ম্যাচের পর তিনি বলেছেন, ‘আমার চোট নিয়ে অনেক মিথ্যা বলা হয়েছে, এমন কথা বলা হয়েছে যা সত্য ছিল না। প্রথম মুহূর্ত থেকেই আমি জানতাম এটা গুরুতর কিছু নয়। আমাকে শুধু এক দিন এক দিন করে এগোতে হবে। সৌভাগ্যক্রমে আমি সুস্থ হয়েছি।’
স্পেনের সান্তা ক্রুস দে তেনেরিফে জন্ম নেওয়া পাজ আর্জেন্টিনার নাগরিকত্ব নিয়ে জাতীয় দলে খেলছেন। লিওনেল মেসির মতোই প্রোফাইল তার। বাঁ পায়ে খেলেন, তার খেলার জায়গাও মেসির মতোই, রাইট উইং থেকে জোন ১৪তে। মেসি-পরবর্তী আর্জেন্টিনার বড় তারকা হিসেবে ধরা হচ্ছে বর্তমানে কোমোতে খেলা এই তারকাকে।