বিজ্ঞপ্তি
জুন / ১১ / ২০২৬
সমাজসেবামূলক কার্যক্রমের ধারাবাহিকতায় রোটারি ক্লাব অব সিলেট সুপ্রিম আজ বৃহস্পতিবার (১১ জুন ২০২৬) বিকেলে সিলেট নগরীর রায়নগরস্থ সরকারি শিশু (বালিকা) নিকেতনে মৌসুমী ফল বিতরণ কর্মসূচি পালন করেছে।
কর্মসূচির আওতায় নিকেতনে বসবাসরত এতিম শিশুদের জন্য ২০ কেজি আম প্রদান করা হয়। ক্লাবের সভাপতি ডা. মোস্তফা আহমদ আজাদ মাদনী প্রতিষ্ঠান কর্তৃপক্ষের নিকট ফলগুলো আনুষ্ঠানিকভাবে হস্তান্তর করেন।
অনুষ্ঠানে জানানো হয়, রোটারি ক্লাব অব সিলেট সুপ্রিম গত চার বছর ধরে সরকারি শিশু (বালিকা) নিকেতনের শিশুদের কল্যাণে বিভিন্ন সময়ে নানা ধরনের সহায়তা প্রদান করে আসছে। এবারের ফল বিতরণ কর্মসূচিতে আর্থিক সহযোগিতা করেন রোটারি ব্যক্তিত্ব পিডিজি এম আতাউর রহমান পীর।
উল্লেখ্য, সরকারি শিশু (বালিকা) নিকেতনে বর্তমানে প্রায় ১০০ জন এতিম বালিকা বসবাস করছে। তাদের কল্যাণে ভবিষ্যতেও এ ধরনের মানবিক কার্যক্রম অব্যাহত থাকবে বলে ক্লাব নেতৃবৃন্দ আশাবাদ ব্যক্ত করেন।