তাহিরপুরে আন্তর্জাতিক উন্নয়ন সংস্থা ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ এর উদ্যোগে খাদ্য সহায়তা ও স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী বিতরণ করা হয়েছে।
বুধবার (১৯ অক্টোবর) দুপুরে ওয়ার্ল্ড ভিশন তাহিরপুর এপি (এরিয়া প্রোগ্রাম) অফিস প্রাঙ্গনে বন্যায় ক্ষতিগ্রস্থ বাংলাদেশের জনগণের জন্য জরুরী ত্রাণ কার্যক্রমের আওতায় তাহিরপুর সদর ইউনিয়ন (পিএফএ-১) এর তিনশত ৭৫টি পরিবারের মাঝে এ সহায়তা বিতরণ করা হয়।
সহায়তা বিতরণ কার্যক্রমের শুভ উদ্ভোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, তাহিরপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. আসাদুজ্জামান রনি।
তাহিরপুর এপি ম্যানেজার বিভূদান বিশ্বাসের সঞ্চালনায় উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন, তাহিরপুর উপজেলা পরিষদ চেয়ারম্যান করুনা সিন্ধু চৌধুরী বাবুল, ওয়ার্ল্ড ভিশনের অপারেশন ডাইরেক্টর সাগর মারান্ডি, ডেপুটি ডাইরেক্টর মঞ্জু মারিয়া পালমা, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান খালেদা বেগম, ওয়ার্ল্ড ভিশন সিলেট এসিও'র সিনিয়র ম্যানেজার কাজল দ্রং, উপজেলা আওয়ামীলীগ যুগ্ম সাধারন সম্পাদক ও প্রেসক্লাব সভাপতি আমিনুল ইসলাম, তাহিরপুর সদর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান জুনাব আলী, সাংবাদিক রমেন্দ্র নারায়ন বৈশাখ প্রমূখ।
ওয়ার্ল্ড ভিশন তাহিরপুর এপি ম্যানেজার বিভূদান বিশ্বাস জানান, এ উপজেলার তাহিরপুর সদর, বালিজুরী, বাদাঘাট ও উত্তর বড়দল ইউনিয়নের বন্যায় ক্ষতিগ্রস্থ এক হাজার পাঁচ’শ পরিবারের মাঝে প্রতি পরিবারকে সাড়ে চার হাজার টাকা মূল্যের খাদ্য সহায়তা ও স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী বিতরণ করা হবে। আজকে তাহিরপুর সদর ইউনিয়নের তিনশত ৭৫টি পরিবারের মাঝে বিতরনের মাধ্যমে উদ্বোধন করা হয়েছে।