বিনোদন ডেস্ক
অক্টোবর / ১৯ / ২০২২
আসছে ওয়ার্নার ব্রাদার্সের বহু প্রতীক্ষিত সিনেমা ‘ব্ল্যাক অ্যাডাম’। আমেরিকান সুপার হিরো, ডিসি কমিকস চরিত্রের ওপর ভিত্তি করে নির্মিত হয়েছে সিনেমাটি। আগামীকাল (২১ অক্টোবর) এটি মুক্তি পাচ্ছে। ব্ল্যাক অ্যাডামের চরিত্রে অভিনয় করেছেন অভিনেতা ডোয়াইন জনসন। এই প্রথম লাইভ-অ্যাকশন সুপার হিরো মুভিতে অভিনয় করেছেন দ্য রক খ্যাত এই অভিনেতা। এবার অ্যান্টি হিরো বা ব্যাড গাই চরিত্রে দেখা যাবে তাকে। দেখা যাবে সাবেক জেমস বন্ড তারকা পিয়ার্স ব্রসন্যানকেও। সিনেমাটি পরিচালনা করেছেন ‘জঙ্গল ক্রুজ’ খ্যাত ছবির পরিচালক জাউমি কোলেট। সিনেমাটির ট্রেইলারে দেখা গেছে জাদুকরি সব দৃশ্য। তুমুল ক্ষমতাধর ব্ল্যাক অ্যাডামের আছে বিদ্যুতের শক্তি, সে উড়তে পারে, বোমার আঘাতেই তার তেমন কিছু হয় না, আর বুলেট তো কিছুই না। ট্রেইলারের এক জায়গায় ব্ল্যাক অ্যাডামকে বলতে শোনা গেছে, ‘এখন আমি কারও সামনে নত হই না।’ আবহ কণ্ঠে এও শোনা গেছে, ‘তোমার সামনে দুটি রাস্তা। চাইলে পৃথিবীকে তুমি ধ্বংস করতে পার, অথবা তুমি বাঁচাতেও পার।’ এখন দেখার অপেক্ষা কোন পথে যাবে ব্ল্যাক অ্যাডাম। তার এত ক্ষমতা দিয়ে যে কি পৃথিবীকে বাঁচাবে না ধ্বংস করবে?