বিজ্ঞপ্তি
মে / ১০ / ২০২৬
সিলেট জেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। আজ (রবিবার) জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন সিলেটের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মো. সারওয়ার আলম। সভায় সংসদ সদস্য এম এ মালিক ও মুফতি আবুল হাসান উপস্থিত ছিলেন।
সভাপতির বক্তব্যে জেলা প্রশাসক বলেন, আসন্ন পবিত্র ঈদুল আযহা উপলক্ষে জেলার গরুর হাটগুলো কোনোভাবেই মহাসড়ক ও রেললাইনের পাশে বসতে দেওয়া যাবে না। তিনি বলেন, পশুর হাটগুলোতে সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সংশ্লিষ্ট সকলকে সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করতে হবে।
জেলা ম্যাজিস্ট্রেট আরও বলেন, গত পবিত্র ঈদুল ফিতরে সিলেটে প্রায় পাঁচ লাখ পর্যটকের আগমন ঘটেছিল। এবারও ঈদুল আযহাকে কেন্দ্র করে বিপুল সংখ্যক পর্যটক সিলেটে ভ্রমণে আসবেন। তাই পর্যটকদের সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশনা দেন তিনি। একই সঙ্গে যেসব পর্যটন এলাকায় যাতায়াত ব্যবস্থায় সমস্যা রয়েছে, সেগুলো দ্রুত সমাধানের ওপর গুরুত্বারোপ করেন।
সভায় সংসদ সদস্যগণ তাঁদের নিজ নিজ এলাকায় নদীভাঙন প্রতিরোধ, চোরাচালান দমন এবং মাদকের বিরুদ্ধে অভিযান জোরদার করার বিষয়ে প্রয়োজনীয় নির্দেশনা প্রদান করেন। পাশাপাশি আসন্ন পবিত্র ঈদুল আযহা উপলক্ষে গরুর হাটে যাতে জাল নোটের প্রচলন না ঘটে, সে বিষয়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে সর্বোচ্চ সতর্কতা ও সজাগ দৃষ্টি রাখার আহ্বান জানান তাঁরা।
সভায় সিভিল সার্জন ডা. মো. নাসির উদ্দিন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) সাইদা পারভীনসহ জেলা প্রশাসন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।বিজ্ঞপ্তি