আবীর মো. মুমিত
এপ্রিল / ১০ / ২০২৩
আবীর মো. মুমিত: আসন্ন সিলেট সিটি কর্পোরেশন (সিসিক) নির্বাচনের মেয়র পদে আওয়ামী লীগের মনোনয়নপত্র বিক্রি শুরু হয়েছে। রোববার (৯ এপ্রিল) সকালে আওয়ামী লীগ সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনার ধানমন্ডির রাজনৈতিক কার্যালয়ে মনোনয়নপত্র বিক্রি কার্যক্রম শুরু করেন দলের উপ-দপ্তর সম্পাদক সায়েম খান।
আওয়ামী লীগের পক্ষে রোববার মোট পাঁচজন মনোয়নপত্র ক্রয় করেন। তাঁদের সাথে দৈনিক পুণ্যভূমির এই প্রতিবেদকের আলাপকালে জানা যায়, যুক্তরাজ্য আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক আনোয়ারুজ্জামান চৌধুরী মনোয়নপত্র কেনার সময় সরেজমিনে উপস্থিত ছিলেন, সিলেট মহানগর আওয়ামী লীগের সহ-সভাপতি আসাদ উদ্দিন আহমদ এর পক্ষে ক্রয় করেন ছাত্রলীগ মহানগরের সাবেক সাধারণ সম্পাদক আব্দুল আলিম তুষার,সিলেট মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অধ্যাপক মো: জাকির হোসেন এর পক্ষে কিনলেন সিলেট মহানগর আওয়ামী লীগের তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক ও সুপ্রিম কোর্টের আইনজীবী অ্যাডভোকেট গোলাম সোবহান চৌধুরী দিপন।
সিসিক কাউন্সিলর ও মহানগর আওয়ামী লীগের যুগ্ম-সম্পাদক আজাদুর রহমান আজাদ এর পক্ষে ক্রয় করেন ছাত্রলীগ নেতা প্রমোদ তালুকদার এবং মহানগর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও সাবেক মেয়র বদর উদ্দিন আহমদ কামরান পুত্র ডা.আরমান আহমদ শিপলু মনোয়নপত্র ক্রয়ের সময় স্বয়ং নিজে উপস্থিত ছিলেন।
এদিকে কেন্দ্রীয় আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক এডভোকেট মিসবাহ উদ্দিন সিরাজের সাথে আলাপ করে জানা যায় তিনি আজ সোমবার মনোয়ন কেনার কথা।
জানা গেছে, রোববার(৯ এপ্রিল) থেকে বুধবার (১২ এপ্রিল) পর্যন্ত প্রতিদিন বেলা সাড়ে ১১টা থেকে বিকেল ৪টা পর্যন্ত আওয়ামী লীগের সভাপতির ধানমন্ডির রাজনৈতিক কার্যালয় থেকে এ আবেদনপত্র সংগ্রহ ও জমা দেওয়া যাবে।
নির্বাচন কমিশন ঘোষিত তফসিল অনুযায়ী, আগামী ২৫ মে গাজীপুর সিটি কর্পোরেশন, ১২ জুন বরিশাল এবং খুলনা সিটি কর্পোরেশন এবং ২১ জুন সিলেট ও রাজশাহী সিটি কর্পোরেশনে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।
উল্লেখ্য সিলেট সিটি নির্বাচনে ২০১৮ সালে বদর উদ্দিন আহমদ কামরানের সঙ্গে আওয়ামী লীগের দলীয় মনোনয়ন প্রত্যাশী ছিলেন মহানগর আওয়ামী লীগের বর্তমান সহ-সভাপতি আসাদ উদ্দিন আহমদ ও যুগ্ম সাধারণ সম্পাদক আজাদুর রহমান আজাদ। এ ছাড়া মহানগর আওয়ামী লীগের বর্তমান সাধারণ সম্পাদক অধ্যাপক জাকির হোসেন ও সহ-সভাপতি ফয়জুল আনোয়ার আলোয়ার সেই সময় মনোনয়ন চান।