নিজস্ব প্রতিবেদক
জুন / ২৮ / ২০২৬
সিলেট জেলায় নতুন জেলা প্রশাসক (ডিসি) ও জেলা ম্যাজিস্ট্রেট নিয়োগ দিয়েছে সরকার। কুমিল্লার বর্তমান জেলা প্রশাসক মু. রেজা হাসানকে সিলেটের নতুন জেলা প্রশাসক হিসেবে বদলি করা হয়েছে।
অন্যদিকে, বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের উপসচিব মিস রোজী আকতারকে কুমিল্লার নতুন জেলা প্রশাসক হিসেবে পদায়ন করা হয়েছে।
আজ রবিবার (২৮ জুন) জনপ্রশাসন মন্ত্রণালয়ের মাঠ প্রশাসন-২ শাখা থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এই রদবদল করা হয়। রাষ্ট্রপতির আদেশক্রমে প্রজ্ঞাপনে স্বাক্ষর করেছেন মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব মোঃ ইসমাইল হোসেন।
সরকারি প্রজ্ঞাপন অনুযায়ী, বিসিএস (প্রশাসন) ক্যাডারের এই কর্মকর্তাদের জনস্বার্থে অবিলম্বে এই আদেশ কার্যকর করার নির্দেশ দেওয়া হয়েছে।
এরআগে, গত রবিবার (২১ জুন) সিলেটের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট সারওয়ার আলমকে বদলি করে জনপ্রশাসন মন্ত্রণালয়। এরপর ২৩ জুন নিজের ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক বিদায়ী স্ট্যাটাসে সারওয়ার আলম লেখেন, ‘বিদায় সিলেট। ভালো থাকুন সিলেটবাসী। আপনাদের ভালোবাসায় আমি ধন্য।’
একই দিন তিনি সিলেট ছেড়ে ঢাকার উদ্দেশে রওনা হন। সিলেটের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট পিংকি সাহা ভারপ্রাপ্ত জেলা প্রশাসকের দায়িত্বও নিয়েছেন।