নিজস্ব প্রতিবেদক
জুলাই / ০৯ / ২০২৬
নিজস্ব প্রতিবেদকঃ
সিলেটের জেলা প্রশাসক (ডিসি) ও জেলা ম্যাজিস্ট্রেটের দায়িত্ব পেয়েছেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের উপসচিব আব্দুল্লাহ আল মামুন। বৃহস্পতিবার (৯ জুলাই) জনপ্রশাসন মন্ত্রণালয়ের মাঠ প্রশাসন-২ শাখা থেকে এক প্রজ্ঞাপনে তাকে সিলেটের ডিসি হিসেবে বদলি ও পদায়ন করা হয়েছে।
সিনিয়র সহকারী সচিব গোলাম মোরশেদের সই করা ওই প্রজ্ঞাপনে বলা হয়, বিসিএস (প্রশাসন) ক্যাডারের কর্মকর্তা আব্দুল্লাহ আল মামুনকে সিলেটের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট পদে বদলি ও পদায়ন করা হলো। জনস্বার্থে জারি করা এ আদেশ অবিলম্বে কার্যকর হবে।
গত ২৮ জুন কুমিল্লার ডিসি মু. রেজা হাসানকে সিলেটে বদলি করা হয়। কিন্তু তিনি ১১ দিনেও যোগ দিতে পারেননি। এরমধ্যে নতুন ডিসি নিয়োগ দিলো সরকার।
তবে রেজা হাসানকে অন্য কোথাও পদায়ন করে প্রজ্ঞাপন জারি হয়নি।
গত ২১ জুন সিলেটের ডিসি সারওয়ার আলমকে প্রত্যাহার করে সরকার। ওইদিন উপসচিব করে জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে প্রজ্ঞাপন জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়।
সিলেটের হযরত শাহজালাল (রহ.) ও শাহপরাণ (রহ.) মাজারের আয়-ব্যয়ের স্বচ্ছতা আনতে সাহসী উদ্যোগ নেন ডিসি সারওয়ার। মাজারের তিনটি ডেগ সিলগালা ও নতুন দানবাক্স বসান তিনি। এরমধ্যেই তাকে সরানোর এ সিদ্ধান্ত ব্যাপক সমালোচনার জন্ম দেয়।
এক সপ্তাহের মাথায় সিলেটের নতুন ডিসি নিয়োগ পান রেজা হাসান, যিনি কুমিল্লার ডিসির দায়িত্বে ছিলেন।
একই সঙ্গে কুমিল্লার নতুন জেলা প্রশাসক নিয়োগ পান বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের উপসচিব রোজী আকতার।
রেজা হাসানের কুমিল্লার দায়িত্ব ছেড়ে ঢাকা হয়ে গত ১ জুলাই সিলেটে যোগ দেওয়ার কথা ছিল। তিনি হযরত শাহজালাল বিমানবন্দরে গেলেও পরে রহস্যজনক কারণে তাকে ফিরিয়ে আনা হয়। জনপ্রশাসন মন্ত্রণালয়ের শীর্ষ কর্মকর্তাদের নির্দেশে তিনি ফিরে আসেন বলে বিভিন্ন গণমাধ্যম সংবাদ প্রকাশ করে।
এ বিষয়ে জনপ্রশাসন মন্ত্রণালয়ের কোনো কর্মকর্তা মন্তব্য করতে রাজি হননি। তবে একটি সূত্র জানিয়েছে, রেজা হাসানের নিয়োগটি স্থানীয় একজন মন্ত্রীর মন মতো হয়নি। তিনি জনপ্রশাসন মন্ত্রণালয়ে তার বিষয়ে আপত্তি জানিয়েছেন। সেই প্রেক্ষাপটে রেজা হাসানকে যোগ দিতে দেওয়া হয়নি।