পুণ্যভূমি ডেক্স
জুন / ০৫ / ২০২৬
নওগাঁর সাপাহার সীমান্ত দিয়ে নারী, পুরুষ ও শিশুসহ ১৭ জনকে বাংলাদেশে পুশইনের চেষ্টা চালিয়েছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) তাৎক্ষণিক তৎপরতায় তাদের বাংলাদেশে প্রবেশের চেষ্টা ব্যর্থ হয়েছে। বর্তমানে তারা দুই দেশের সীমান্তের শূন্যরেখায় অবস্থান করছেন। এ ঘটনায় সীমান্ত এলাকায় বিজিবি ও বিএসএফ সদস্যরা মুখোমুখি অবস্থানে রয়েছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার গভীর রাতে ভারতের বিভিন্ন এলাকা থেকে আটক করে আনা ১৭ জন নারী, পুরুষ ও শিশুকে সাপাহার উপজেলার কলমুডাঙ্গা সীমান্তের ২৩৭ নম্বর মেইন পিলারসংলগ্ন চকচকির বিল লোহার ব্রিজ এলাকা দিয়ে বাংলাদেশে প্রবেশ করানোর চেষ্টা করে বিএসএফ। পরে তারা বোরো ধানক্ষেতের মধ্য দিয়ে প্রায় সাত কিলোমিটার পথ হেঁটে শুক্রবার ভোরে কলমুডাঙ্গা চৌমুহনী এলাকায় এসে অবস্থান নেয়। স্থানীয় লোকজন তাদের দেখতে পেয়ে কলমুডাঙ্গা বিজিবি ক্যাম্পে খবর দিলে বিজিবি সদস্যরা ঘটনাস্থলে গিয়ে ১৭ জনকে আটক করে। পরে তাদের সীমান্তের শূন্যরেখায় নিয়ে গিয়ে ভারতীয় ভূখণ্ডে ফেরত পাঠানোর উদ্যোগ নেওয়া হয়। তবে এ সময় বিএসএফ সদস্যরা ঘটনাস্থলে এসে পুশব্যাক প্রক্রিয়ায় বাধা দেয়।
বিজিবি সূত্র জানায়, শুক্রবার সকাল ৮টার দিকে হাঁপানিয়া সীমান্তের ২৩৮ নম্বর মেইন পিলার দিয়ে ভারতের ৮৮ বিএসএফ পান্নাছড়া ক্যাম্পের সদস্যরা একই ব্যক্তিদের বাংলাদেশে প্রবেশ করানোর চেষ্টা চালায়। খবর পেয়ে হাঁপানিয়া বিওপির বিজিবি টহল দল দ্রুত ঘটনাস্থলে গিয়ে অনুপ্রবেশের প্রচেষ্টা ব্যর্থ করে দেয়। বর্তমানে শিশুসহ ১৭ জন ব্যক্তি সীমান্তের শূন্যরেখায় অবস্থান করছেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে সীমান্ত এলাকায় বিজিবির অতিরিক্ত সদস্য মোতায়েন করা হয়েছে। পাশাপাশি স্থানীয় জনগণের সহায়তায় সার্বক্ষণিক নজরদারি জোরদার করা হয়েছে।
নওগাঁ ব্যাটালিয়নের (১৬ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ আরিফুল ইসলাম মাসুম বলেন, ‘খবর পাওয়ার সঙ্গে সঙ্গে সীমান্ত এলাকায় টহল জোরদার করা হয়েছে। অবৈধভাবে কাউকে বাংলাদেশে প্রবেশ করতে দেওয়া হবে না। ১৭ জনকে ভারতীয় ভূখণ্ডে ফেরত পাঠানোর কার্যক্রম চলমান রয়েছে।’
এ ঘটনায় সীমান্ত এলাকায় সতর্ক অবস্থানে রয়েছে বিজিবি। পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।