নিজস্ব প্রতিবেদক
মে / ১২ / ২০২৬
আধুনিক নার্সিংয়ের প্রতিষ্ঠাতা ফ্লোরেন্স নাইটিঙ্গেল এর জন্মবার্ষিকী ১২ই মে। তার প্রতি সম্মান জানাতেই প্রতি বছর ১২ মে আন্তর্জাতিক নার্স দিবস পালিত হয়।
এ উপলক্ষে ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন হাসপাতাল সিলেটের নার্সদের আয়োজনে মঙ্গলবার(১২ মে) সকালে হাসপাতালের কনফারেন্স কক্ষে আন্তর্জাতিক নার্স দিবস ২০২৬ উপলক্ষে আলোচনা সভা ও ফ্লোরেন্স নাইটিঙ্গেল এর জন্মদিন কেক কেটে পালন করা হয়।
আন্তর্জাতিক নার্স দিবসের এবারের প্রতিপাদ্য বিষয় "আমাদের নার্স, আমাদের ভবিষ্যৎ -জীবন রক্ষায় প্রয়োজন, নার্সদের ক্ষমতায়ন"।
অনুষ্ঠানে কাউছার মিয়ার কুরআন তেলাওয়াত এবং মুহতাসিম শাহরিয়ার এর পরিচালনায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন সিলেটের সভাপতি প্রফেসর ডা.মোঃ আমিনুর রহমান লস্কর,প্রধান অতিথির ভাষনে তিনি বলেন,
নার্সিং কোনো সাধারণ পেশা নয়, এটি একটি মহান ব্রত। দিনের পর দিন, রোগীদের সেবায় নিজেদের উৎসর্গ করে নার্সরা স্বাস্থ্যসেবার মূল ভিত্তি হিসেবে কাজ করেন। বিশেষ করে মহামারী বা যেকোনো জরুরি পরিস্থিতিতে, যখন পুরো বিশ্ব থমকে যায়, তখন নার্সরাই জীবনের ঝুঁকি নিয়ে রোগীদের পাশে দাঁড়ান।
তিনি বলেন একজন নার্স শুধু ওষুধই দেন না, তিনি রোগীর আশার আলো হয়ে থাকেন, সাহস জোগান এবং নিঃস্বার্থ ভালোবাসা দিয়ে সেবা করেন। ডা.আমিনুর রহমান লস্কর, আন্তর্জাতিক নার্স দিবসে আধুনিক নার্সিং পেশার রূপকার ফ্লোরেন্স নাইটিঙ্গেলের জন্মদিন উপলক্ষে শুভেচ্ছা প্রদান করেন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন ফাউন্ডেশনের সাধারন সম্পাদক প্রকৌশলী সুয়েব আহমদ মতিন,যুগ্ম সম্পাদক আবু তালেব মুরাদ এবং উপ পরিচালক ডা. আব্দুল মুনিম চৌধুরী।
বিশেষ অতিথির ভাষনে সুয়েব আহমদ মতিন বলেন, আমরা সবাই মিলে প্রতিশ্রুতিবদ্ধ হই নার্সদের কাজের উপযুক্ত পরিবেশ নিশ্চিত করতে এবং তাদের অবদানকে যথাযথ সম্মান জানাতে। তিনি বলেন আমাদের সেবার হাত যেন মানবতার কল্যাণে সবসময় এভাবেই নিবেদিত থাকে।
অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত থেকে বক্তব্য প্রদান করেন,আইসিইউ ইনচার্জ স্বর্না ,পিসিসিইউ-২ ইনচার্জ জাহানারা , শিহাব উদ্দিন, লাবিবুর রহমান আলভী এবং নার্সিং সুপারভাইজার শিপি আক্তার কুসুম প্রমুখ।