বিজ্ঞপ্তি
এপ্রিল / ২১ / ২০২৬
লিভার ফাউন্ডেশনের আজীবন সদস্য, চ্যানেল এস এর চেয়ারম্যান আহমেদ উস সামাদ চৌধুরী জেপিকে সম্বর্ধনা এবং লিভার ফাউন্ডেশন সিলেটে স্বেচ্ছাশ্রমের মাধ্যমে চিকিৎসা সেবারত বিশেষজ্ঞ চিকিৎসকদের সম্মাননা জানানো হয়েছে।
সোমবার (২০ এপ্রিল) দুপুরে লিভার ফাউন্ডেশন অব বাংলাদেশের মহাসচিব, দেশবরেণ্য চিকিৎসক, সিলেটের কৃতিসন্তান প্রফেসর ডা. মোহাম্মদ আলী প্রধান অতিথি হিসেবে তাদের হাতে সম্মাননা স্মারক তুলে দেন। পূর্ব শাহী ঈদগাহ টিবি গেইট সংলগ্ন লিভার ফাউন্ডেশন সিলেটের কার্যালয়ে এক অনুষ্ঠানের মাধ্যমে এই সম্মাননা তুলে দেওয়া হয়।
সম্মাননা প্রাপ্ত সিলেটের বরেণ্য বিশেষজ্ঞ চিকিৎসকবৃন্দ হলেন প্রফেসর ডা. মধূসুদন সাহা, প্রফেসর ডা. জাহাঙ্গীর আলম, প্রফেসর ডা. আলমগীর সাফওয়াত, ডা. অলিউর রহমান, ডা. মোস্তাক উদ্দিন আহমদ, ডা. রতন ভৌমিক, ডা. নাহিয়ান ফারুক চৌধুরী। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট প্রেসক্লাবের সভাপতি ও দৈনিক জালালাবাদ সম্পাদক মুকতাবিস উন নূর ও বৃটেনের বাংলা মিরর ও হু ইজ হু এর সম্পাদক আব্দুল করিম গণি।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে আহমেদ উস সামাদ জেপির প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে প্রফেসর ডা. মোহাম্মদ আলী বলেন, বৃটেনে থাকলেও মিডিয়া ব্যক্তিত্ব আহমেদ উস সামাদ চৌধুরী জেপি বাংলাদেশে অনেক মানবিক কর্মকান্ডের সম্পৃক্ত। লিভার ফাউন্ডেশনের জন্য তিনি এবং তাঁর সহোদর অনেক সহযোগিতা করেছেন। ডা. মোহাম্মদ আলী সম্মাননা প্রাপ্ত সিলেটের বরেণ্য চিকিৎসকবৃন্দ যারা পেশাগত জীবনের তুমুল ব্যস্ত সময়ের মাঝেও লিভার ফাউন্ডেশনে চ্যারিটি কাজের অংশ হিসেবে স্বেচ্ছাশ্রম দিয়ে যাচ্ছেন সেজন্য তাদের প্রতিও কৃতজ্ঞতা প্রকাশ করেন। তিনি বলেন, সিলেটের একদল মহতী হৃদয়ের বিশেষজ্ঞ চিকিৎসকদের এই মানবিক কর্মকান্ডের কারণেই লিভার ফাউন্ডেশন সিলেট আজ অসহায় মানুষের আস্থার প্রতীক হিসেবে স্থান করে নিয়েছে।
অনুষ্ঠানে সংবর্ধিত অতিথির বক্তব্যে চ্যানেল এস চেয়ারম্যান আহমেদ উস সামাদ চৌধুরী জেপি বলেন, সিলেটবাসী সৌভাগ্যবান। কারণ দেশবরেণ্য চিকিৎসক প্রফেসর ডা. মোহাম্মদ আলীর কল্যাণে আজ লিভার ফাউন্ডেশন সিলেটে প্রতিষ্ঠিত হয়েছে। এখন আমাদের সবার দায়িত্ব হচ্ছে এই জনকল্যাণমূলক প্রতিষ্ঠানকে একটি পূর্নাঙ্গ বিশেষায়িত লিভার হসপিটালে রূপান্তরে সাহায্য করা। সরকারের পাশাপাশি সিলেটের দানশীল ব্যক্তিত্বরা এবং প্রবাসীরা এগিয়ে আসলে হার্ট ফাউন্ডেশন, কিডনী ফাউন্ডেশনের মতো এটিও একদিন সিলেটের অসহায় মানুষের ভরসাস্থল হিসেবে রুপ লাভ করবে।
অনুষ্ঠানে বিশেষ অতিথি সিলেট প্রেসক্লাবের সভাপতি মুকতাবিস উন নূর বলেন, এটা এখন কেবল প্রফেসর ডা. মোহাম্মদ আলীর স্বপ্ন নয়, এখন গোটা সিলেটবাসীর স্বপ্ন হচ্ছে একটি পূর্ণাঙ্গ লিভার ফাউন্ডেশন হসপিটাল গড়ে তোলা। এটা বাস্তবায়নে সবাইকে এগিয়ে আসা জরুরী।
বৃটেনের বাংলা মিরর ও হু ইজ হু এর সম্পাদক আব্দুল করিম গণি বলেন, এখানে যাকাত ফান্ডের মাধ্যমে গরীব রোগীদের বিনামূল্যে চিকিৎসা হয় জেনে খুশি হয়েছি। তারা এতিম শিশুদের ফ্রি ভ্যাকসিন ও পরীক্ষা নিরীক্ষা করেন যা অনুকরণীয় দৃষ্টান্ত। আমরা প্রবাসীরা লিভার ফাউন্ডেশনের পাশে আছি। অন্যসকল প্রবাসীদেরকেও আমি এগিয়ে আসার আহবান জানাচ্ছি।
অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন ডা. হোসেন আহমদ তৌকির, ডা. তাহমিদ আহমদ, লিভার ফাউন্ডেশন সিলেটের সিইও শওকতুর রহমান, লিভার ফাউন্ডেশন চীফ কো অর্ডিনেটর জুনায়েদ পাইকারসহ আরো অনেকে।বিজ্ঞপ্তি