নিজস্ব প্রতিবেদক
নভেম্বর / ১৪ / ২০২৬
নিজস্ব প্রতিবেদকঃ
বিশ্ব স্বাস্থ্য সংস্থা ও আন্তর্জাতিক ডায়াবেটিক ফেডারেশনের তথ্য অনুযায়ী, পৃথিবীতে প্রতি মিনিটে ছয়জন ডায়াবেটিস রোগীর মৃত্যু হয় এবং এক এর অধিক নতুন ডায়াবেটিস রোগী শনাক্ত হয়। পরিবারের অন্য সদস্যদের ডায়াবেটিস প্রতিরোধে জ্ঞানার্জন জরুরী বিষয় বলে বিবেচিত হচ্ছে। আন্তর্জাতিক ডায়াবেটিস ফেডারেশন (আইডিএফ) এবারের বিশ্ব ডায়াবেটিস দিবসের জন্য প্রতিপ্রাদ্য নির্ধারণ করেছে- ‘ডায়াবেটিসে দেরী নয়, ব্যবস্থা নিন এখনই’ আর এর সারমর্ম হচ্ছে ডায়াবেটিস নিয়ন্ত্রণ ও প্রতিরোধে এখনই ব্যবস্থা নেওয়া জরুরী।
সিলেট ডায়াবেটিক হাসপাতালের প্রধান মেডিকেল কর্মকর্তা (সিএমও) ডা. মো: আব্দুল মুক্তাদির কোরেশী সুমন এর পরিচালনায় শনিবার (১৪ নভেম্বর) বিশ্ব ডায়াবেটিক দিবসের আলোচনা সভায় সভাপতির বক্তব্য প্রদানকালে উপরোক্ত কথাগুলো বলেন সমিতির সহ-সভাপতি অধ্যাপক ডা. শিব্বির আহমদ শিবলী।
স্বাগত বক্তব্যে ডায়াবেটিক এন্ড জেনারেল হাসপাতালের পরিচালক অধ্যাপক ডা. মো: ফেরদৌস হাসান বলেন, দেশের ৫৭ % লোকই জানেনা যে তার ডায়াবেটিস আছে কিনা। বাংলাদেশে ডায়াবেটিস রোগীর ৯৭ শতাংশই টাইপ-২। এ ধরনের ডায়াবেটিস প্রতিরোধযোগ্য। পদক্ষেপ নিলে এ রোগকে অনেক বিলম্বিত করা যায়। তাই ডায়াবেটিক প্রতিরোধে গণ সচেতনাতা খুবই জরুরী।
সমিতির যুগ্ম-সাধারন সম্পাদক সাংবাদিক, কলামিস্ট আফতাব চৌধুরী বলেন, প্রতিদিনের অনিয়মিত খাওয়া-দাওয়া, মাত্রাতিরিক্ত ফাস্টফুড, চিনি, কার্বোহাইড্রেট খাওয়া- এ সবই কিন্তু বাড়িয়ে দেয় ডায়াবেটিসের আশংকা। যে কারণে ডায়াবেটিসের সমস্যায় আগেই যেমন রাশ টানতে হবে, জীবনযাত্রায় তেমনই খাদ্যাভ্যাসেও আনতে হবে পরিবর্তন। খাদ্য তালিকায় এমন কিছু খাবার অন্তর্ভুক্ত করতে হবে যা রক্তে শর্করার বর্ধিত স্তরকে নিয়ন্ত্রণ করতে সহায়তা করবে। তাই ডায়াবেটিস প্রতিরোধে ডায়াবেটিসের ঝুঁকি জেনে, প্রয়োজনীয় ব্যবস্থা নিতে গণ সচেতনাতা সৃষ্টি করা খুবই জরুরী।
প্রতিপাদ্য বিষয়ের উপর সারগর্ভ বক্তব্য প্রদানকালে সমিতির সহ-সভাপতি অধ্যপাক ডা. শামীমুর রহমান বলেন, বাংলাদেশ এন্ডোক্রাইন সোসাইটি জানিয়েছে, বর্তমানে দেশে প্রায় দেড় কোটি মানুষ ডায়াবেটিসে ভুগছেন এবং সারা বিশ্বের মধ্যে বাংলাদেশের অবস্থান অষ্টম। আগামী চার বছরে এই সংখ্যা দ্বিগুণ হতে পারে বলে আশঙ্কা করছেন বিশেষজ্ঞরা। যেসব খাবার খেলে ডায়াবেটিস নিয়ন্ত্রণে থাকে তা হলো: চর্বিযুক্ত মাছ, শাকসবজি, ভিটামিন সি, ডিম, ডুমুর, মটরশুঁটি, টকদই, চিয়া সিডস, ফ্ল্যাক্সসিডস, করলা, আমের পাতা, মেথি ইত্যাদি। নীরব ঘাতক এই ডায়াবেটিস রোগ মোকাবিলায় ঘরের প্রতিটি সদস্যকে ডায়াবেটিস সম্পর্কে সচেতন হয়ে নিজ নিজ পরিবারে সদস্যকে ডায়াবেটিসমুক্ত রাখতে হবে।
জীবনসদস্য ও ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন সিলেটের জয়েন্ট সেক্রটারি,দৈনিক পুণ্যভূমির সম্পাদক আবু তালেব মুরাদ বলেন সচেতনতার অভাবে এবং দেরিতে রোগ শনাক্ত হওয়ার কারণে অনেকেই কিডনি, চোখ ও হৃদরোগের মতো জটিল সমস্যায় আক্রান্ত হন। অথচ, শুরুতেই শনাক্ত করা গেলে এবং নিয়মিত জীবনযাপন করলে ডায়াবেটিস সম্পূর্ণ নিয়ন্ত্রণে রাখা সম্ভব। তিনি আরও বলেন
ডায়াবেটিস প্রতিরোধ ও নিয়ন্ত্রণে আমাদের তিনটি বিষয়ে সবচেয়ে বেশি গুরুত্ব দিতে হবে যেমন, কোনো লক্ষণ না থাকলেও নির্দিষ্ট বয়স পরপর রক্তের শর্করা পরীক্ষা করা,
অতিরিক্ত চিনি, ফাস্টফুড ও চর্বিজাতীয় খাবার পরিহার করে শাকসবজি ও আঁশযুক্ত খাবার গ্রহণ করা,প্রতিদিন অন্তত ৩০ থেকে ৪০ মিনিট নিয়মিত হাঁটা বা শরীরচর্চা করা।
আলোচন সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, সমিতির যুগ্ম-সাধারন সম্পাদক শিবব্রত ভৌমিক চন্দন, যুগ্ম-কোষাধ্যক্ষ সুমন বণিক,এবং জীবনসদস্য ও সিলেট ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন হাসপাতালের সহ-সভাপতি শাবিপ্রবি’র সাবেক রেজিষ্ট্রার জামিল আহমদ চৌধুরী প্রমূখ।
এদিকে বিশ্ব ডায়াবেটিক দিবসের কর্মসূচীর অংশ হিসেবে সকাল সাড়ে দশটায় সমিতির কার্যকরি কমিটির সদস্য সাংবাদিক, কলামিস্ট আফতাব চৌধুরী ও ডায়াবেটিক এন্ড জেনারেল হাসপাতালের পরিচালক অধ্যাপক ডা. মো: ফেরদৌস হাসান এর যৌথ নেতৃত্বে এক বর্ণাঢ্য র্যালী শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে হাসপাতাল প্রাঙ্গণে এসে শেষ হয়। এছাড়াও সকাল সাড়ে ১০ থেকে বেলা ১২ টা পর্যন্ত সিলেট ডায়াবেটিক এন্ড জেনারেল হাসপাতাল প্রাঙ্গণে বিনামূল্যে ডায়াবেটিক পরীক্ষা করা হয়।