শারীরিকভাবে অক্ষম ব্যক্তিদের সিঁড়ি বেয়ে উপরে উঠার ভোগান্তি দূর করতে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ৪র্থ ক্যাপসুল লিফট উদ্বোধন করা হয়েছে।
বুধবার (৩০ নভেম্বর) সকাল সাড়ে ১১ টায় বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ভবন ‘বি’ তে এ লিফটের উদ্বোধন করেছেন উপাচার্য অধ্যাপক ফরিদ উদ্দিন আহমেদ।
উদ্বোধনকালে উপাচার্য বলেন, এই লিফট উদ্বোধনের মাধ্যমে ৪র্থ একাডেমিক ভবনের লিফট উদ্বোধন করা হলো। এর আগে একাডেমিক ভবন সি, ডি এবং ই তে ক্যাপসুল লিফট চালু করা হয়েছে। আগামী বছরগুলোতে নতুন সকল একাডেমিক ভবনগুলোতেও লিফট চালু করা হবে। এই লিফট চালু হওয়ার ফলে শারীরিকভাবে অক্ষম শিক্ষার্থী, গর্ভবতী নারী এবং নারী সহকর্মীরা ভোগান্তি থেকে রক্ষা পাবে।
এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক ড. মো. আখতারুল ইসলাম, সাধারণ সম্পাদক অধ্যাপক ড. মো. জহির বিন আলম, স্কুল অব এপ্লাইড সাইন্সেসের ডিন অধ্যাপক ড. মো আরিফুল ইসলাম, স্কুল অব লাইফ সাইন্সেসের ডিন অধ্যাপক ড. মো. কামরুল ইসলাম, স্কুল অব সোশ্যাল সাইন্সেসে ডিন অধ্যাপক দিলারা রহমান, স্কুল অব এগ্রিকালচার এন্ড মিনারেল সাইন্সেসের ডিন অধ্যাপক ড. স্বপন কুমার সরকার, বিভিন্ন বিভাগের বিভাগীয় প্রধান, হল প্রভোস্ট, দপ্তর প্রধানসহ অন্যান্য শিক্ষক ও কর্মকর্তারা।